রাজশাহী

রাজশাহীর বানেশ্বর আম হাটে মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী, ১৬ জুন – উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন।

হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এমন সফরে তারা আনন্দিত। এতে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। স্থানীয় কৃষকরা বলেন, রাজশাহীর আমের গুণগত মান ও স্বাদ বিশ্বব্যাপী পরিচিত।

বিদেশি কূটনীতিকদের এ ধরনের পরিদর্শন দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, রাজশাহীতে রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম সফর।

এর আগে ২০২০ সালে একবার আসলেও এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছেন কারণ তিনি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলেন। তিনি জানান, পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে যাওয়ার মতো সেরা অভিজ্ঞতা আর নেই।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে কোল্ড চেইন বা হিমাগার ব্যবস্থার উন্নয়নের পরামর্শ দেন। তার মতে, সারা বছর আমের সহজলভ্যতার জন্য এবং রপ্তানির উপযোগী করতে হিমাগার ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button