রাজশাহী

নির্বাচন কমিটি নিয়ে বিরোধ: রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী, ১৪ জুলাই – রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে বিভাগীয় শহর রাজশাহীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বাকবিতণ্ডা শুরু হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাটি পণ্ড হয়ে যায়।

জানা গেছে, সভায় পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এতে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের রাখার কথা ছিল। তবে মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন শ্রমিক ইউনিয়নের একাংশের নেতা এরশাদ আলী পল্টু।

এ নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তুমুল বিতর্ক হয়। বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে শিরোইল বাস টার্মিনালে বিক্ষোভ করে এবং সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

তবে দূরপাল্লার বাসগুলোকে রাজশাহী ফেরার জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সকালের পর থেকে শ্রমিকদের কর্মবিরতি শুরু হওয়ায় সব ধরণের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা চলছে বলে জানা গেছে।

এস এম/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language