মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার অভিবাসী

রিয়াদ, ২৬ জুলাই – সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিত এই বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের সহায়তা প্রদান ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ১৩ হাজার ২৫১ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী রয়েছেন।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তাকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ধরনের অপরাধে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button