জাতীয়

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করতে ইসির ৩৩ সদস্যের কমিটি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মামুন অর রশিদকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকসহ এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

তাদের বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানানো, আবাসন নিশ্চিত করা, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভোটকেন্দ্র পরিদর্শনের মতো ইভেন্টগুলোর ছবি ও তথ্যের সমন্বয়ে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন বলে মনে করে কমিশন। ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য এই প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি, পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ এবং কার্যক্রমের স্থিরচিত্রসহ চূড়ান্ত প্রকাশনা প্রস্তুত করার সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language