জাতীয়

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২০ এপ্রিল – হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে আলোচনা কালে তিনি এই আহ্বান জানান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য নির্ধারিত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরান ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি বিশেষ করে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটির নিরাপদ যাতায়াতের সুবিধার্থে ইরানের মধ্যস্থতা কামনা করেন। এই অনুরোধের প্রেক্ষিতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেন।

উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সংকটের ক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language