ব্যক্তিগত সফরে সরকারি সেবার ব্যয় পরিশোধ করতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের

ঢাকা, ২০ এপ্রিল – মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরের ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা ব্যবহারের জন্য নির্দিষ্ট মূল্য পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক নির্দেশনায় এই নতুন নিয়মাবলি জানানো হয়। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে কোনো সফর সরকারি নাকি ব্যক্তিগত তা সফরসূচির চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যাতায়াত ও আবাসনের খরচ সরকার বহন করবে। তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সব ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজেকেই বহন করতে হবে।
নির্দেশনায় প্রটোকল সংক্রান্ত বিষয়েও পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যাতায়াতের সময় বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব উপস্থিত থাকবেন। দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে ঢাকার যাত্রা ও প্রত্যাবর্তনের সময় তাদের একান্ত সচিব উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ে সফরের সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতির বিষয়েও নমনীয়তা আনা হয়েছে।
প্রয়োজন না হলে তাদের উপস্থিতির বাধ্যবাধকতা নেই। তবে সফরসূচি পাওয়ার পর পুলিশ সুপারকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে অবস্থান করলেও নিরাপত্তার নিয়মাবলি বলবৎ থাকবে। এই নির্দেশনার মাধ্যমে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা পূর্ববর্তী নির্দেশনাটি বাতিল করা হয়েছে।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









