বরিশালে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

বরিশাল, ২০ এপ্রিল – বরিশালের গৌরনদীতে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ও যুবদল নেতা এনামুল হকসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। দীর্ঘদিন ধরে এখানে ফুটওভার ব্রিজ অথবা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় দাবি আদায়ে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









