বরিশাল

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

বরিশাল, ১৩ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসময় দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করেছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকায় সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় সরকার।

এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজ এখানে দুই হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হচ্ছে।

তবে চারা রোপণের মাধ্যমেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যেমন যত্নসহকারে বড় করে তুলতে হয়, রোপণ করা চারাগাছগুলোকেও তেমনি নির্দিষ্ট আকারে বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণ করতে হবে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বরিশাল এক আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমনে বরিশাল ও গৌরনদীর প্রবেশপথে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন।

তবে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ থাকায় তার ছবি সংবলিত কোনো তোরণ বা ব্যানার ফেস্টুন ব্যবহার করা হয়নি। গৌরনদীতে কার্যক্রম শেষ করে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন। দুপুরে তিনি নগরীর সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language