বরিশাল

আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিল! বরিশাল পুলিশের এআই কাণ্ডে তোলপাড়

বরিশাল, ৩০ জুন – বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (এআই) ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে ফুটবল সমর্থকদের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত বার্তার মাধ্যমে ওই বিতর্কিত ছবি সরিয়ে সঠিক ছবি ও তথ্য পুনরায় গণমাধ্যম শাখার গ্রুপ এবং ইমেইলে প্রকাশ করা হয়।

বিষয়টি সম্পর্কে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, এটি মূলত ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটকের সময় তিনি আর্জেন্টিনার জার্সি পরেছিলেন। কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়।

অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে মূল ছবির আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি পালিয়ে যান।

আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language