মধ্যপ্রাচ্য

ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, সাফ জানাল সৌদি আরব

রিয়াদ, ২৯ আগস্ট – স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে পুনরায় স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরব। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছিলেন যে সৌদি আরব যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবেই যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক শক্তির উন্নয়নে সহায়তা করবে।

তবে ওয়াশিংটনের এই শর্ত শুরুতেই প্রত্যাখ্যান করেছে রিয়াদ। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একটি ফাইল মার্কিন কংগ্রেসে পাঠালেও সেখানে একটি কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি না করে তবে এই পারমাণবিক সহায়তা চুক্তি কার্যকর হবে না। এর আগে গত মাসে দুই দেশের জ্বালানি মন্ত্রীদের মধ্যে বড় ধরনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমেরিকার নতুন এই শর্ত নিয়ে সৌদি কর্তৃপক্ষ তাদের কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।

সৌদির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ইসরায়েল ইস্যুতে রিয়াদের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র দিতে হবে এবং এটি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয়। সৌদি আরব আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সহায়তা নেওয়া দুই দেশের নিজস্ব বাণিজ্যিক ও কৌশলগত বিষয় এবং এর সঙ্গে ইসরায়েলকে মেনে নেওয়ার শর্ত যুক্ত করা অনুচিত।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language