নেপালে অলৌকিক উদ্ধার: ধ্বংসস্তূপের নিচে ৪ ঘণ্টা পর ৯৭ বছরের বৃদ্ধা জীবিত

কাঠমান্ডু, ২৯ আগস্ট – নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই অলৌকিক উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি ও বিস্ময়ের সৃষ্টি করেছে। কাদামাটিতে পুরো শরীর ঢেকে থাকা অবস্থায় একটি খননযন্ত্রের বাকেটে করে তাকে উদ্ধারের ছবি বর্তমানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে। উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম গুনা মায়া বোহারা।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার আত্মীয় দীপক বোহারা বিবিসি নেপালিকে জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর তার বড় নানীকে দেখে মনে হচ্ছিল যেন এক অপরাজেয় যোদ্ধা। দীপক বলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী হয়ে ফিরে এসেছেন।
দুর্যোগের সময় গুনা মায়া বোহারা যে পরিচর্যা কেন্দ্রে ছিলেন, সেটি ধসে পড়লে তিনি সেখানে আটকা পড়েন। উদ্ধারকারী দলকে প্রায় চার ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে বের করে আনতে হয়। ধ্বংসস্তূপ সরিয়ে ধীরে ধীরে তার কাছে পৌঁছানোর পর তাকে জীবিত পাওয়া যায়।
উদ্ধারের সময় তার পুরো শরীর কাদা ও আবর্জনায় ঢেকে ছিল। পরে খননযন্ত্রের সাহায্যে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বৃদ্ধার উদ্ধারের খবর পেয়ে তার স্বজন দীপক বোহারা রাজধানী কাঠমান্ডু থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
তার মতে, দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশে আটকে থেকেও ৯৭ বছর বয়সে বেঁচে থাকার এই লড়াই সত্যিই অবিশ্বাস্য। নেপালে সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হলেও গুনা মায়ার এই ফিরে আসা এক বিরল আশার আলো হয়ে দেখা দিয়েছে।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









