ইউরোপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য ইসরায়েলকে দায়ী করলেন এরদোগান

আঙ্কারা, ২৯ আগস্ট – তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলের বর্তমান সরকারকে ‘যুদ্ধবাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ইসরায়েলি কর্তৃপক্ষের উসকানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এরদোগানের এই কড়া হুঁশিয়ারির বিষয়টি উঠে এসেছে।

এক বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জায়নবাদ বর্তমানে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর শান্তির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, ইসরায়েল কেবল আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করছে না, বরং যারা মানবিক মূল্যবোধ রক্ষায় সচেষ্ট তাদেরও সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করছে।

আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে নমনীয় অবস্থান নেওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরদোগান আরও উল্লেখ করেন যে, ইসরায়েলের ‘গণহত্যার নেটওয়ার্ক’ বর্তমানে আন্তর্জাতিক আইন ও সব ধরনের নৈতিক সীমারেখা লঙ্ঘন করছে।

এই প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনা মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে অভিন্ন জোট গঠন এবং ঘনিষ্ঠ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, তুরস্ক ইতোমধ্যে মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এরদোগান এসব মন্তব্য করেন। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ওই ঘাঁটিতে তুর্কি সেনাদের উপস্থিতি ঠেকাতেই ওই হামলা চালানো হয়েছিল।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language