রাশিয়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন

মস্কো, ২৯ আগস্ট – রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে একটি ভ্রাম্যমাণ সলিড ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের একটি মোবাইল লঞ্চার ইউনিটকে দুর্গম এলাকায় নিয়ে গিয়ে সেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট সাইটে গিয়ে পৌঁছায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করাই ছিল মূলত এই পরীক্ষার মূল উদ্দেশ্য।
মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী পরীক্ষার সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি নিখুঁত গতিপথ বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে পরীক্ষায় ঠিক কোন মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি রাশিয়া।
এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে ক্ষেপণাস্ত্র বাহিনীর মহড়ার অংশ হিসেবে প্লেসেৎস্ক থেকে কুরা পর্যন্ত আরএস ২৪ ইয়ার্স ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল বলে জানা যায়। উল্লেখ্য যে এই সর্বশেষ পরীক্ষাটি এমন সময়ে সম্পন্ন হলো যখন এক সপ্তাহেরও কম সময় আগে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার প্লেসেৎস্ক সামরিক স্পেসপোর্টে হামলা চালিয়েছে বলে কিছু অসমর্থিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









