রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নারায়নগঞ্জ, ২০ এপ্রিল – স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক লিটল অ্যাঞ্জেলস সেমিনারে আয়োজিত হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন যে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নিয়মিত টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধির দাবি জানান। তিনি বলেন, রূপগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ প্রয়োজন।
সংসদ সদস্যের এই দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী বাজেটে রূপগঞ্জে ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস প্রদান করেন। স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্যসেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কার্যক্রমে কারিগরি ও অন্যান্য সহযোগিতা দিচ্ছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









