জাতীয়

বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া, ২০ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সফরকালে জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার বেলা ১১টার দিকে তিনি সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে আদালত চত্বরে পৌঁছান এবং নির্ধারিত সময়ে এই নতুন সেবার শুভ সূচনা করেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

এর আগে সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সরকারি এই সফরসূচিতে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। দিনের দ্বিতীয় ভাগে তিনি গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।

যার মধ্যে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন অন্যতম। সফরের অংশ হিসেবে তিনি নিজ পৈতৃক বাড়িতে সময় কাটাবেন। বিকেলে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে পুরো বগুড়া জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছেন।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language