জাতীয়

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু ১১ মে

ঢাকা, ২০ এপ্রিল – জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা এবং আলোচিত ছাগলকাণ্ডের অন্যতম চরিত্র মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগামী ১১ মে চার্জগঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ এই আদেশ প্রদান করেন। মতিউর রহমানের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি গণমাধ্যমকে আদালতের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মতিউর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করেছেন।

তিনি সেখানে প্রায় এক কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য দেননি যা সম্পূর্ণ ভিত্তিহীন। তদন্তে আরও উঠে এসেছে যে একজন সরকারি চাকুরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও নানাবিধ দুর্নীতির মাধ্যমে তিনি পাঁচ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার সম্পদ অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

প্রথম মামলায় তার বিরুদ্ধে পাঁচ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এই মামলার অভিযোগপত্র ইতিমধ্যে দুদক থেকে অনুমোদিত হয়েছে। দ্বিতীয় মামলায় মতিউরের পাশাপাশি তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকেও আসামি করা হয়েছে।

সেখানে শাম্মীর বিরুদ্ধে অবৈধভাবে এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার সম্পদ অর্জন ও দুই কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে এবং এই মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। উল্লেখ্য যে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ডিবি পুলিশ মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language