ই-ভ্যাট সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

ঢাকা,১৬ নভেম্বর-ই-ভ্যাট (eVAT) সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর ২০২৬ করমেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই করদাতারা ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।
সোমবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে অতিরিক্তসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। ফলে অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনা করে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে আগামী ২২ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে করদাতারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







