জাতীয়

নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ, এসএমইদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত

জাতীয় সংসদ

ঢাকা,১৬ নভেম্বর-নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বার্ষিক ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিনিয়োগে উৎসাহ দেওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ ও গ্রামীণ ব্যবসার জন্য সরকার বিভিন্ন ধরনের কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।

সোমবার জাতীয় সংসদে মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সদস্য নাসির উদ্দিন আহমেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। এ ছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে টানা নয় বছর টার্নওভারভিত্তিক কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির কার্যক্রমও সম্পূর্ণ করমুক্ত সুবিধার আওতায় আনা হয়েছে।

ব্যবসা পরিচালনা সহজ করার বিষয়ে তিনি বলেন, ব্যক্তি ও কোম্পানি করদাতারা এখন বছরের যেকোনো সময় নিজেদের সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন জমা দিলে প্রণোদনা দেওয়া হবে। তবে অনেক দেরিতে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে।

তিনি আরও বলেন, কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ ও প্রচারমূলক কার্যক্রমসহ ব্যবসার বিভিন্ন খরচকে কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের করের বোঝা কমবে।

অর্থমন্ত্রী জানান, ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে পণ্য সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া করসংক্রান্ত বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির জন্য আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্টে আপিল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করা হয়েছে।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় করদাতারা আপিল পর্যায়ে বিরোধপূর্ণ করের এক শতাংশ, ট্রাইব্যুনালে তিন শতাংশ এবং হাইকোর্টে ১০ শতাংশ জমা দিয়ে আপিল করতে পারবেন। আগে এই হার ছিল যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধা চালু করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ সুবিধার আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে।

তিনি আরও বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হার কমানো হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ, মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে।

আয়কর নিরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে আগের ম্যানুয়াল পদ্ধতির বদলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক নির্বাচনব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মানুষের জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে আরেকটি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ করে। ঋণ থেকে পাওয়া আয় দিয়ে আমানতকারীদের মুনাফা দেওয়া হয়। তাই ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ নেই।

তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, নিম্ন আয়ের মানুষ ও যুব কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সরকার স্বল্পসুদের বিভিন্ন অর্থায়ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কাজে লাগিয়ে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি বড় অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ১০ হাজার কোটি টাকা, উত্তরবঙ্গ কৃষি হাব প্রতিষ্ঠায় তিন হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া প্রি-শিপমেন্ট অর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা এবং চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন খাতের জন্য দুই হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এস এম/ ১৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language