বগুড়ায় ৯১১ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া, ২০ এপ্রিল – বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ী এলাকার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এই কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। মূলত নারীর ক্ষমতায়নের মাধ্যমে পারিবারিক জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঢাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। পরিবারের মা অথবা নারী সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









