বগুড়া

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে

বগুড়া, ১০ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেফতার করা হয়।

পরে তাকে বগুড়ায় এনে ওই দিনই আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন।

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই তানভীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button