বগুড়ায় হবে তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা: এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়া, ৯ জুলাই – বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় ইতিমধ্যে একটি বিমান ঘাঁটির অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমানগুলো যুক্ত হবে, সেগুলো এই ঘাঁটির বহরেই সংযুক্ত করা হবে। এছাড়া তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন তৈরির যে কারখানাটি করার পরিকল্পনা রয়েছে, সেটিও বগুড়াতেই স্থাপিত হবে।
উন্নয়নের বিষয়ে নিজের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি কাজ করছেন। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ইতিপূর্বে যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারেনি, সেগুলো বর্তমান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
এছাড়া বগুড়ায় নতুন চারটি ইউনিয়ন গঠন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেগুলোর নামকরণের বিষয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের সব জেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন।
নিজের সন্তানের বিষয়ে ওঠা আলোচনার প্রেক্ষিতে তিনি জানান, তার ছেলে ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে এবং ব্যবসায় মনোযোগ দিতে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
সম্পদের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি হলফনামায় সব তথ্যের সঠিক বিবরণ দেওয়া আছে এবং ব্যবসায়িক প্রয়োজনে কোনো সম্পদ কেনা হলে তা তদন্ত সাপেক্ষে যাচাই করা যেতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরেই এই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
এস এম/ ৯ জুলাই ২০২৬









