ইউরোপ

ইউরোপে অনিয়মিত অভিবাসনের ঢল রুখতে ইউরোপীয় কমিশনের ৫ দফা পরিকল্পনা

ব্রাসেলস, ৩০ সেপ্টেম্বর – বড় আকারের অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্তের নিরাপত্তা সংকট মোকাবিলায় পাঁচ দফার নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। সম্প্রতি স্পেনের সেউটা সীমান্তসহ ভূমধ্যসাগরীয় ও ইইউ-এর পূর্ব সীমান্তে অভিবাসীদের হঠাৎ বৃদ্ধি ও জরুরি পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর অভিবাসন কূটনীতি ও সীমান্ত নজরদারি জোরদারে বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিশন এই প্রস্তাব তুলে ধরে।

সংস্থাটি জানায়, ২০২১ সালের পর ইইউর সমন্বিত পদক্ষেপে অনিয়মিত সীমান্ত পারাপার উল্লেখযোগ্যভাবে কমলেও ভবিষ্যৎ সংকট ও নতুন ধরণের চ্যালেঞ্জ সামলাতে আরও নমনীয় ও সমন্বিত ইউরোপীয় পদক্ষেপ প্রয়োজন।

ইইউ-এর প্রস্তাবিত ৫ দফা পরিকল্পনা:

১. উৎসব ও ট্রানজিট দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি: অভিবাসনের মূল কারণ নির্মূল, আগাম সতর্কবার্তা আদান-প্রদান এবং বৈধ ও নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরির লক্ষ্যে উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে সরাসরি অংশীদারিত্ব জোরদার করা হবে।

২. ফ্রন্টেক্স ও বহিঃসীমান্ত শক্তিশালীকরণ: ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর দায়িত্ব ও সক্ষমতা বাড়ানো হবে। এর মধ্যে থাকবে জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনের জন্য শক্তিশালী স্থায়ী বাহিনী ও উন্নত সীমান্ত নজরদারি ব্যবস্থা।

৩. নজরদারি ও আগাম সতর্কতা ব্যবস্থা উন্নয়ন: নতুন অভিবাসন রুট শনাক্তকরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত অভিবাসনে উৎসাহিত করা বিভ্রান্তিকর প্রচারণা ও ভুল তথ্য শনাক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

৪. মানবপাচার ও চোরাচালান চক্র দমন: চোরাচালানকারী নেটওয়ার্ক ভেঙে দিতে অপরাধীদের ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ, অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে তদারকি বৃদ্ধি এবং ইউরোপীয় পুলিশ সংস্থা ‘ইউরোপোল’-এর সক্ষমতা বাড়ানো হবে।

৫. ফেরত পাঠানোর ব্যবস্থা আরও কার্যকর করা: ইইউতে বসবাসের বৈধ অধিকার না থাকা ব্যক্তিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে ফ্রন্টেক্সের ভূমিকা বাড়ানো হবে এবং পুরো প্রক্রিয়াকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হবে।

যৌথ দায়িত্ব ও ভবিষ্যৎ পদক্ষেপ

অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার ম্যাগনাস ব্রুনার স্পষ্ট জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা কেবল কোনো একটি দেশের একক দায়িত্ব নয়, বরং এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের যৌথ দায়বদ্ধতা।

প্রস্তাবিত এই পাঁচ দফা রূপরেখাটি ১ ও ২ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ইইউর ‘বিচার ও স্বরাষ্ট্রবিষয়ক কাউন্সিল’-এর বৈঠকে আনুষ্ঠানিকভাবে সদস্য দেশগুলোর সামনে উপস্থাপন করা হবে।

এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language