ইউরোপ

রাশিয়া নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছে

ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন

মস্কো, ২৭ সেপ্টেম্বর- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন করে স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেছে দেশটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের দেওয়া বক্তব্য থেকে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।

লাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার। স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে রাশিয়া সমর্থন করে।

নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করে লাভরভ বিশেষ করে জার্মানি ও জাপানের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এই দুই দেশ সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে এগিয়ে যাচ্ছে। তবে নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় বর্তমান পাঁচ স্থায়ী সদস্যের অধিকার ও ক্ষমতা যাতে কমে না যায়, সে বিষয়েও সতর্ক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার পাশাপাশি মরিশাসও নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছে। সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের প্রার্থিতার প্রতি স্পষ্ট সমর্থন জানান।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি দেশ সদস্য। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। বাকি ১০টি দেশ দুই বছরের মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।

নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হয়। এর জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোট এবং সদস্যরাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। পাশাপাশি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদনও বাধ্যতামূলক।

ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়ে রাশিয়া প্রকাশ্যে সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। এ বিষয়ে অন্যান্য স্থায়ী সদস্যরাষ্ট্রের অবস্থানও এক নয়। বিশেষ করে রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে।

এস এম/ ২৭ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language