গুজবে কান না দিয়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

পঞ্চগড়, ২০ এপ্রিল – গুজবে বিভ্রান্ত না হয়ে শিশুদের জীবন রক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় শিশুদের মধ্যে দ্রুত গতিতে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৮১ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী। পরিস্থিতি মোকাবিলায় সরকার কোনো ধরনের নেতিবাচক বিতর্কে না জড়িয়ে উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন এবং ভিটামিন এ কার্যক্রম আরও জোরদার করেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত টিকাদানে ঘাটতি থাকলে এই রোগ আরও বিস্তারের ঝুঁকি থাকে বিধায় সরকার দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবার সচেতনতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, শিশুর শরীরে ফুসকুড়ি, বমি বা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে সরাসরি নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। পঞ্চগড়ে এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, প্রয়োজন অনুযায়ী জেলায় আরও টিকার সরবরাহ নিশ্চিত করা হবে। পঞ্চগড়ে এখন পর্যন্ত কোনো হামের রোগী শনাক্ত না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









