পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এক দফায় করার চিন্তাভাবনা কমিশনের

কলকাতা, ৮ ফেব্রুয়ারি – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গেছে। চলতি বছরের যেকোনো সময়েই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে।

বর্তমানে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ প্রায় সমাপ্তির পথে। এই প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন কত দফায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, অতীতের সহিংসতা ও হানাহানি এড়াতে এবার সম্পূর্ণ রাজ্যের ভোটগ্রহণ একদিনেই সম্পন্ন করার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় অনুষ্ঠিত হয়েছিল, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল কমিশন।

দীর্ঘমেয়াদী ভোটগ্রহণের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিংসতা, বোমাবাজি ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। তাই এক দফায় ভোট হলে অশান্তির সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কমিশন এক দফায় ভোটের সিদ্ধান্ত নিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা তৈরি করে তা জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হবে।

এর আগে তামিলনাড়ুর মতো বড় রাজ্যে এক দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে কেন আট দফা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাই এবার ভোটের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য বা অভিযোগের সুযোগ রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language