পরবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভ্যান্স নাকি রুবিও? মুখ খুললেন ট্রাম্প

ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের টিকিট কার হাতে যাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—কে হবেন ডনাল্ড ট্রাম্পের উত্তরসূরী, এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো পক্ষ নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট।
রিপাবলিকান দলের নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছেন, উত্তরসূরী হওয়ার দৌড়ে ভ্যান্স ও রুবিওই এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত দলীয় প্রার্থী নির্ধারণে ট্রাম্পের সমর্থনই মুখ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে বলেন, এখনই তিনি কাউকে নির্দিষ্ট করে কোনো বিতর্কে জড়াতে চান না। তার মতে, জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও দুজনেই অসাধারণ কাজ করছেন।
ওহাইওর সাবেক সেনেটর ভ্যান্স জানিয়েছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার বিষয়ে আলোচনা করবেন।
অন্যদিকে ফ্লোরিডার সাবেক সেনেটর রুবিও, যিনি ২০১৬ সালেও প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, তিনিও ২০২৮ সালের নির্বাচনের সম্ভাবনা নাকচ করেননি। ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন যে ভ্যান্স ও রুবিওর একটি যৌথ টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তার মতে, এই জুটিকে হারানো কঠিন হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প রুবিওর কূটনৈতিক দক্ষতার প্রশংসা করে বলেন, দুজনের মধ্যে একজন অন্যজনের চেয়ে বেশি কূটনৈতিক। তবে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার মতো অসাংবিধানিক কোনো পদক্ষেপ তিনি নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও অস্পষ্ট ও রহস্যজনক উত্তর দিয়েছেন।
২০২৯ সালেও তিনি ক্ষমতায় থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টিকে বেশ মজার হবে বলে মন্তব্য করেন।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









