নদী খনন ও বাঁধ নির্মাণের দাবিতে এমপি মজনুকে খোলা চিঠি দিল ‘রাহবার’

ফেনী, ১৭ এপ্রিল – ফেনী-১ আসনের অন্তর্গত নদী ও খাল খনন এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুকে খোলা চিঠি দিয়েছে শিক্ষামূলক সামাজিক সংগঠন রাহবার। বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলা চত্বরে সংসদ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে এই দাবি সম্বলিত চিঠিটি তুলে দেওয়া হয়। চিঠি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাহবারের কার্যকরী পর্ষদের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ।
এছাড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে যে চব্বিশ সালের বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার পরও এই অঞ্চলে স্থায়ী কোনো বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বিশেষ করে বল্লামুখা বাঁধের সংস্কার কাজ যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় আসন্ন বর্ষা মৌসুম নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়া দীর্ঘদিনের পলি জমে এলাকার নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের বন্যা এবং নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে চিঠিতে জানানো হয়।
এলাকাকে বন্যার কবল থেকে রক্ষা করতে এবং জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নদী ড্রেজিং এবং মজবুত বাঁধ নির্মাণের জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংসদ সদস্য রফিকুল আলম মজনু ধৈর্যসহকারে সংগঠনের প্রতিনিধিদের কথা শোনেন এবং এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









