ফেনী

ফেনীর সোনাগাজীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ

ফেনী, ৯ জুলাই – ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় জেলা যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম বক্তব্যের জন্য ঘোষণা করা হলে জেলা কমিটির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা এতে বাধা দেন। এ নিয়ে মঞ্চেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যোবায়ের আর বক্তব্য দিতে পারেননি।

অনুষ্ঠান শেষে ফেরার পথে সভাস্থলের সামনের সড়কে জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকে কয়েকজন যুবক লাথি ও কিল-ঘুষি মেরে আহত করেন। এর কিছুক্ষণ পর মঞ্চের সামনে তৃতীয় দফায় নেতাকর্মীদের মাঝে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া অনুষ্ঠান চলাকালে সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিনসহ অন্তত পাঁচ থেকে ছয়টি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, বক্তব্যের নাম ঘোষণা নিয়ে বিরোধের জেরে প্রথম হাতাহাতির সূত্রপাত হয়। পরবর্তীতে মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বাকবিতণ্ডা ঘটে।

এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, বিশৃঙ্খলাকারীদের ভিডিও ফুটেজ পর্যালোচনার জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কর্মসূচির শুরুতে এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language