ফেনী

ফেনীর দাগনভূঞায় বাড়ির সদস্যদের জিম্মি করে ২৩ ভরি স্বর্ণ ও ৫৫ হাজার টাকা লুট

২৩ ভরি স্বর্ণ ও ৫৫ হাজার টাকা লুট

ফেনী,১২ নভেম্বর-ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে একটি বাড়ির দরজা ভেঙে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫৫ হাজার টাকা লুট করেছে ডাকাত দল। গত বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে ইউনিয়নের মোল্লাঘাটা বাজারসংলগ্ন বারাহী গোবিন্দ গ্রামের শেখ আহমেদ খাদেমের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্তার ভাষ্য অনুযায়ী, ডাকাত দলে প্রায় ১০ জন সদস্য ছিল।

গৃহকর্তা এনায়েত চিশতি জানান, রাত তিনটার দিকে প্রায় ১০ জন ডাকাত দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে একটি কক্ষে জিম্মি করে রাখে। এরপর বাড়ির আটটি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ও কাঠের ওয়ারড্রব ভাঙচুর করে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হামিদুল হক ডিলার ও চিকিৎসক হেশাম উদ্দিনসহ এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা এলাকায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language