ফেনী

ফেনীতে ৪ হত্যা মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আদেশ

ফেনী, ১ জুলাই – ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘটিত পৃথক চারটি হত্যা মামলায় ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান এই আদেশ প্রদান করেন। শুনানির সময় সাবেক এই সংসদ সদস্য ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত ছিলেন।

মামলার শুনানিকালে মাসুদ উদ্দিন চৌধুরী তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্য করে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, ফেনী মডেল থানা পুলিশের বিভিন্ন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা শুনানিতে উপস্থিত থেকে আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন এবং মামলার বর্তমান অগ্রগতি তুলে ধরেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, নিরাপত্তাজনিত কারণে মাসুদ উদ্দিনকে সশরীরে হাজির না করে ভার্চুয়ালি যুক্ত করা হয়। তিনি অভিযোগ করেন যে, তদন্তকারী কর্মকর্তারা যখন মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছিলেন তখন মাসুদ উদ্দিন চৌধুরী উত্তেজিত হয়ে ওঠেন এবং কর্মকর্তাদের প্রতি হুমকিসূচক মন্তব্য করেন।

আইনজীবী আরও জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালত দ্রুত চার মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়ে ভার্চুয়াল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারাও আদালতে উত্তপ্ত বাক্যবিনিময়ের বিষয়টি স্বীকার করেছেন। তবে থানায় সাধারণ ডায়েরি করার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত তথ্য যাচাই করছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ফেনীর মহিপালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সহিংসতায় হতাহতের ঘটনায় এই মামলাগুলো দায়ের করা হয়েছিল।

এনএন/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language