২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ঢাকা,১২ নভেম্বর-ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের আওতায় ২০২৭ সালে এলএনজি আমদানির জন্য বিদ্যমান দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ-১ ও ২) এবং স্বল্পমেয়াদি চুক্তি (এসপিএ-৩) অনুসারে ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে তিনটি পৃথক খসড়া সাইড-লেটার চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবে তিনটি চুক্তির প্রতিটির অধীনেই সাইড-লেটার স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
অন্য একটি প্রস্তাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে ২০২৭ সালে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন চাওয়া হয়। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমবেশি করা যাবে।
পেন্টিটিউডের সরবরাহ করা এলএনজির প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) শূন্য দশমিক ১৮ মার্কিন ডলার কম।
সভায় উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







