সরকারি মজুত বাড়াতে ১৮০ কোটি ৭২ লাখ টাকায় ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

ঢাকা,১২ নভেম্বর-সরকারি মজুত বাড়াতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এ দুই পণ্য কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি কেজি চিনি কিনতে খরচ হবে ১০৩ টাকা ৯৫ পয়সা এবং মসুর ডাল কিনতে ৭৬ টাকা ৭৭ পয়সা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পণ্য দুটি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা।
৫০ কেজির বস্তায় এসব চিনি সরবরাহ করা হবে। ভ্যাট ও করসহ প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।
দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের (ফ্রেশ) কাছ থেকে এসব চিনি কেনার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এসব ডালের ভ্যাট ও করসহ প্রতি কেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। দরপত্রে সুপারিশকৃত প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ডাল কেনার প্রস্তাব করা হয়েছে।
দুটি পণ্যই ই-জিপি ব্যবস্থায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের (জাতীয়) মাধ্যমে কেনা হবে। প্রস্তাব দুটি অনুমোদিত হলে চিনি ও মসুর ডাল কেনায় সরকারের মোট ব্যয় দাঁড়াবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







