ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার আলোচনার মধ্যেই ইরানের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তেহরান তাদের সামরিক সরঞ্জাম কোথায় সরিয়ে নিচ্ছে, সে সম্পর্কে পেন্টাগন পুরোপুরি অবগত আছে। বৃহস্পতিবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। হেগসেথ ইরানের নতুন শাসকগোষ্ঠীকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে আসবে কি না, তা ভেবে দেখা উচিত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং প্রয়োজনে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হবে। ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদের স্থাপনাগুলো বোমা বর্ষণ ও অবরোধের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন। সামরিক সক্ষমতার তুলনা করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে ইরান টিকে থাকতে পারবে না। তিনি দাবি করেন, তেহরান বর্তমানে তাদের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে অবশিষ্ট সরঞ্জাম উদ্ধারের চেষ্টা করছে।
ইরানের কোনো কার্যকর প্রতিরক্ষা শিল্প নেই এবং তাদের আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতাও নেই। হেগসেথ আরও বলেন, ইরান তাদের সরঞ্জামগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারলেও সেগুলো প্রতিস্থাপন করতে পারবে না। এদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে হামলার মাধ্যমে তারা ইরানি শাসকগোষ্ঠীর অবস্থানে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপের ফলে ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ প্রভাব বৃদ্ধি পেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করতে মধ্যপ্রাচ্য সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরব সফর শেষে বর্তমানে তিনি কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









