ইরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ এপ্রিল – ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানিদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়টি এখন সময়ের খুবই সন্নিকটে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান।
ট্রাম্প দাবি করেন যে ইরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে প্রাথমিক সম্মতি প্রকাশ করেছে। যদিও ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
ট্রাম্পের মতে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর কঠোর অবরোধের কারণেই ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইরান এখন চুক্তি করতে আগ্রহী এবং উভয় পক্ষই অত্যন্ত ইতিবাচকভাবে কাজ করছে।
ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প জানান, এই মেয়াদের আর কোনো সম্প্রসারণের প্রয়োজন হবে না। তিনি আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যেই স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন হবে।
গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের শেষে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প আরও যোগ করেন যে যদি শেষ পর্যন্ত চুক্তিটি স্বাক্ষরিত হয় তবে তিনি পাকিস্তান সফরে যেতে পারেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, গত চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের ফলে ইরানের সঙ্গে সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









