কানাডা

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নজরুল মিন্টো

টরন্টো, ২৩ জুন – দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত ২২ জুন স্থানীয় মদিনা গ্রিল রেস্টুরেন্টের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নবনির্বাচিত নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

সংগঠনের সাবেক সভাপতি মোশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি আহাদ খন্দকার, সাদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, দেবব্রত দে তমাল, সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকুসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষে সভাপতি এবাদ চৌধুরী বিদায়ী সভাপতি মাহবুব চৌধুরী রনির কাছ থেকে সংগঠনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সভাপতি এবাদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে অনেক আলোচনা, মতভেদ এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “জালালাবাদ অ্যাসোসিয়েশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়। এটি আমাদের সবার সংগঠন। অতীতের সব ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই।” তিনি সংগঠনের উন্নয়ন ও কমিউনিটির বৃহত্তর স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।

বিদায়ী সভাপতি মাহবুব চৌধুরী রনি দায়িত্ব হস্তান্তর শেষে তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নানা সিদ্ধান্ত নিতে হয়েছে। সেসব সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “জালালাবাদ অ্যাসোসিয়েশন আমার নিজের সংগঠন। দায়িত্বে থাকি বা না থাকি, সংগঠনের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ। তাঁরা তাঁদের বক্তব্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের দীর্ঘ ঐতিহ্য ও অবদান তুলে ধরে বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ মে ২০২৬ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি পদে এবাদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি পদে মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক পদে রাসেল আহমদ, সহসভাপতি (সিলেট) পদে আব্দুল কালাম, সহসভাপতি (মৌলভীবাজার) পদে তাহমিনা চৌধুরী, সহসভাপতি (সুনামগঞ্জ) পদে আমজাদ আলি এবং সহসভাপতি (হবিগঞ্জ) পদে মো. জুবের আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে মনসুর আহমদ, কোষাধ্যক্ষ পদে হাসান তারেক ইমাম, সহকারী কোষাধ্যক্ষ পদে ইকবাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মাহদি চৌধুরী, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে নাইম চৌধুরী, দপ্তর সম্পাদক পদে ফারুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লুতফুর রহমান, যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে গোলাম ইমরান সুমন, ক্রীড়া সম্পাদক পদে মো. নাহিদ আহমদ, সহকারী ক্রীড়া সম্পাদক পদে তানিম ইকবাল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জিয়াউল ইসলাম রিংকু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে পারমিতা সেন তিন্নি, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আলি হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা মকসুদা বেগম রেনু এবং নির্বাহী সদস্য পদে মো. মকবুল হোসেন মঞ্জু, হোসেন আহমদ লনি, রিজওয়ান চৌধুরী ও আবু জাহির সাকিব নির্বাচিত হয়েছেন। তাঁদেরসহ কার্যকরী পরিষদের মোট ২৯ জন সদস্য আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং সংগঠনের বার্ষিক পিকনিকের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এনএন/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language