
অন্টারিও, ০৫ আগস্ট – স্কারবোরো সাউথওয়েস্টের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. এ এস এম নূরউল্লাহ তরুনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার, ৪ আগস্ট বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড, তাঁর মন্ত্রিসভার চার সদস্য, দলের সিনিয়র নেতা, বিভিন্ন স্তরের কর্মী এবং বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

ড্যানফোর্থ রোড ও বার্চমাউন্ট রোডের কাছে ৪৭২ ড্যানফোর্থ রোডে স্থাপিত নির্বাচনী অফিসটিতে সকাল থেকেই স্বেচ্ছাসেবকদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলের নেতা, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা কয়েকটি দলে ভাগ হয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে বাড়ি বাড়ি প্রচারে বের হন।
অনুষ্ঠানে ডগ ফোর্ড বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেক নির্বাচনী অফিস উদ্বোধনে অংশ নিয়েছেন। তবে কোনো অফিস উদ্বোধনে এত মানুষের উপস্থিতি খুব কমই দেখেছেন। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণকে তিনি ডা. তরুনের প্রতি স্থানীয় বাসিন্দাদের সমর্থনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেন।
ডা. তরুনকে একজন দক্ষ চিকিৎসক, কমিউনিটি নেতা ও শক্তিশালী প্রার্থী হিসেবে উল্লেখ করে ফোর্ড বলেন, স্কারবোরো সাউথওয়েস্টে জয়লাভের মতো প্রার্থী পেয়ে প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি সৌভাগ্যবান।
এর আগের দিন সোমবার ডা. তরুনের সঙ্গে নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে অংশ নেন ডগ ফোর্ড। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তাঁরা এমন কয়েকটি এলাকায় প্রচারণা চালিয়েছেন, যেগুলো দীর্ঘদিন ধরে লিবারেল ও এনডিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তারপরও সেসব এলাকার অনেক বাসিন্দা প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির নির্বাচনী সাইন চেয়েছেন।

ফোর্ডের ভাষায়, তাঁরা ধীরে ধীরে লাল ও কমলা রঙের পরিচিত এলাকাগুলোকে কনজারভেটিভ নীলে রূপান্তর করছেন। বাড়ি বাড়ি গিয়ে তাঁর মনে হয়েছে, প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ ডা. তরুনকে ব্যক্তিগতভাবে চিনতেন অথবা তাঁর রোগী ছিলেন।
উপনির্বাচনে সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ফোর্ড। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, সমর্থকদের চিহ্নিত করার পাশাপাশি ভোটের দিন তাঁদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। ভোটারদের কাছে ডা. তরুনের জন্য সমর্থন চাইতে এবং বাড়ির সামনে নির্বাচনী সাইন স্থাপনের অনুমতি নিতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান তিনি।
ডা. তরুন নির্বাচিত হলে স্কারবোরো সাউথওয়েস্টের বাসিন্দারা কুইন্স পার্কে একটি শক্তিশালী কণ্ঠ পাবেন বলেও মন্তব্য করেন প্রিমিয়ার। তিনি বলেন, সরকারদলীয় এমপিপি হিসেবে ডা. তরুন স্থানীয় সমস্যাগুলো সরাসরি সরকারের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তুলে ধরতে পারবেন।
বক্তব্যের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে অন্টারিও এবং কানাডার স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ফোর্ড। ডা. তরুন প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হবেন বলেও দৃঢ় আশাবাদ প্রকাশ করেন তিনি।
প্রিমিয়ারের বক্তব্যের পর ডা. নূর তরুন ডগ ফোর্ডকে ‘ক্যাপ্টেন কানাডা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, স্কারবোরো সাবওয়ে, চিকিৎসাশিক্ষা, হাসপাতাল এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা খাতে প্রাদেশিক সরকারের বিনিয়োগের জন্য স্কারবোরো সাউথওয়েস্টের বাসিন্দারা কৃতজ্ঞ।
তাঁর প্রতি আস্থা রাখার জন্য প্রিমিয়ারকে ধন্যবাদ জানিয়ে ডা. তরুন বলেন, দীর্ঘদিন ধরে স্কারবোরো সাউথওয়েস্ট প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে সরাসরি প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। সরকারদলীয় একজন এমপিপি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আরও অনেক কাজ করা সম্ভব হবে।
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপস্থিত নেতা, কর্মী ও বিভিন্ন কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. তরুন।
এনএন/ ০৫ আগস্ট ২০২৬









