সম্পাদকের পাতা

গান কবিতা আর নৃত্যে ঝংকার টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নজরুল মিন্টো

সুরের মূর্ছনা, কবিতার ছন্দ আর নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষী দর্শকদের প্রিয় বিনোদন চ্যানেল ঝংকার টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ১০ অক্টোবর টরন্টোর স্থানীয় হোপ চার্চ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

কানাডা থেকে সম্প্রচারিত ঝংকার টিভি সাত বছরের পথচলায় বাংলা ভাষা, সংগীত, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দর্শকদের কাছে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই পথচলার সপ্তম বর্ষপূর্তি উদযাপনে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান, কবিতা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা নিয়ে একত্র হয়েছিলেন বিভিন্ন প্রজন্মের মানুষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন স্কারবরো সাউথওয়েস্ট থেকে নবনির্বাচিত এমপিপি ফাতিমা শাবান।

ফারহানা আহমেদ, আসমা হক ও খন্দকার ইসমাইলের প্রাণবন্ত সঞ্চালনায় সাজানো হয়েছিল অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। তাঁদের সাবলীল উপস্থাপনা পুরো আয়োজনকে করে তোলে গতিময় ও উপভোগ্য।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঝংকার টিভির ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট নৃত্যপরিচালক অরুণা হায়দার। তাঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচনা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক পর্বের।

এরপর শুরু হয় সংগীতের আয়োজন। একে একে গান পরিবেশন করেন শিরিন চৌধুরী, ইমরান হোসেন সুমন, মাসুদ আহমেদ ও খন্দকার ইসমাইল। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় সুরের বৈচিত্র্য। প্রবাসের মাটিতে বাংলা গান যে মানুষের আবেগ, স্মৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে কত গভীরভাবে জড়িয়ে আছে, এই সংগীত আয়োজন ছিল তারই এক সুন্দর প্রকাশ।

সংগীতের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি। আহমেদ হোসেন, আসমা হক, নূয়েরিন রিফাত, দিলারা নাহার বাবু ও ফারহান কবিতা আবৃত্তি করেন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন উচ্চারণের শিল্পীরাও। কবিতার শব্দ, ছন্দ ও ভাবের মেলবন্ধনে অনুষ্ঠানে যুক্ত হয় সাহিত্যের এক ভিন্ন মাত্রা। বাংলা কবিতার প্রতি প্রবাসী সংস্কৃতিকর্মীদের অনুরাগও উঠে আসে এসব পরিবেশনায়।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বনানী চৌধুরী। তাঁর নৃত্য পরিবেশনা সাংস্কৃতিক আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে বাংলা সংস্কৃতির এক মনোরম উপস্থাপনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন টরন্টোর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন অন্য থিয়েটারের কর্ণধার আহমেদ হোসেন, বাংলাদেশ এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফাইজুল করিম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চ্যানেল এসের কানাডা ব্যুরোপ্রধান সৈয়দ মাহবুব, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ এবং লেখক এম এ করিম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কারবরো সাউথওয়েস্টের নবনির্বাচিত এমপিপি ফাতিমা শাবান। এ সময় তিনি ঝংকার টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখেন ঝংকার টিভির ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট নাট্যজন মানিক চন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশগ্রহণকারী শিল্পী, অতিথি, শুভানুধ্যায়ী ও উপস্থিত দর্শকদের তিনি ধন্যবাদ জানান।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে ঝংকার টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

প্রবাসে একটি বাংলা বিনোদন চ্যানেলের সাত বছরের পথচলা নিছক সময়ের হিসাব নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভাষার প্রতি ভালোবাসা, শিল্পীদের সৃজনশীলতা, দর্শকদের সমর্থন এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা। কানাডার বহুসাংস্কৃতিক সমাজে বাংলা গান, নাটক, কবিতা ও নৃত্যচর্চাকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা ঝংকার টিভি চালিয়ে যাচ্ছে, সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সেই পথচলার আরেকটি আনন্দময় অধ্যায় হয়ে রইল।

এনএন/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language