কিউবার অর্থনীতিতে বড় পরিবর্তন: নজিরবিহীন সংস্কার প্যাকেজ অনুমোদন

হাভানা, ২০ জুন – দীর্ঘদিন ধরে চলা রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে এসে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে কিউবা। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি একটি নজিরবিহীন অর্থনৈতিক প্যাকেজ অনুমোদন করেছে, যা কিউবার প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
গত বৃহস্পতিবার জাতীয় পরিষদে উপস্থাপিত এই প্যাকেজে বেসরকারি খাতের পরিধি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রাষ্ট্রায়ত্ত খাতে কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংস্কারের ফলে দেশটিতে বেসরকারি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
এর আওতায় প্রবাসী কিউবানদের বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা হবে। এছাড়া আবাসন খাতকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আংশিক বা পূর্ণ বেসরকারিকরণের সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
এমনকি দীর্ঘদিনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা ব্যাংকিং খাতে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার পথও সুগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল স্বীকার করেছেন যে, বর্তমান অর্থনৈতিক সংকটের পেছনে কেবল বাইরের চাপ দায়ী নয়।
তিনি উল্লেখ করেন, অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা এবং অপ্রয়োজনীয় নিয়মকানুন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনীতি এমনিতেই দুর্বল ছিল, যার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ সংকটকে আরও প্রকট করেছে।
তবে প্রেসিডেন্ট দিয়াজ-কানেল মনে করেন, অভ্যন্তরীণ নীতিমালার দুর্বলতাও এই সংকটকে গভীর করেছে। অন্যদিকে, কিউবার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা কিউবান সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে গভীর সংস্কারের দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই প্যাকেজ বাস্তবায়িত হলে কিউবা ধীরে ধীরে একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দিকে অগ্রসর হবে। কিউবা সরকার মনে করছে, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে সংস্কারের কোনো বিকল্প নেই। প্রেসিডেন্টের মতে, প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্তগুলোতে সবাই একমত না হলেও দেশের স্বার্থে এগিয়ে যাওয়া অপরিহার্য।
এস এম/ ২০ জুন ২০২৬









