বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে

ঢাকা, ১৭ এপ্রিল – প্রতি বছরের ন্যায় এবারও ১৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে। মূলত বাদুড়ের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এই প্রাণীকে ঘিরে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যেই দিবসটি উদযাপন করা হয়। সাধারণ মানুষের মধ্যে বাদুড় নিয়ে এক ধরনের ভীতি কাজ করলেও বিশেষজ্ঞরা বলছেন যে এরা বাস্তুসংস্থানের অবিচ্ছেদ্য অংশ।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ব্যাট কনজারভেশন ইন্টারন্যাশনাল নামক সংস্থাটি সর্বপ্রথম এই স্তন্যপায়ী প্রাণীটি সংরক্ষণে কাজ শুরু করে। পরবর্তীতে মানুষের মধ্যে সচেতনা বাড়াতে এই বিশেষ দিনটি চালু করা হয়। বর্তমানে বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে বাদুড়ের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে যা পরিবেশের ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।
বিশ্বে প্রায় দেড় হাজার প্রজাতির বাদুড় রয়েছে যাদের অধিকাংশই পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। বিশেষ করে মশা নিয়ন্ত্রণে বাদুড় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে কারণ একটি বাদুড় ঘণ্টায় প্রায় এক হাজার মশা সাবাড় করতে সক্ষম। এছাড়া ফুলের পরাগায়ন এবং বীজের বিস্তারের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মাতেও এই প্রাণীটির অবদান অনস্বীকার্য। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে সেমিনার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বাদুড় রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









