জানা-অজানা

বিশ্ব মৌমাছি দিবস আজ: বাস্তুতন্ত্র রক্ষায় ক্ষুদ্র পতঙ্গের গুরুত্ব অপরিসীম

লিউব্লিয়ানা, ২০ মে – আজ ২০ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মৌমাছি দিবস। ২০১৭ সালে জাতিসংঘ দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করার পর ২০১৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এটি পালিত হয়ে আসছে। আধুনিক মৌমাছি পালনের পথিকৃৎ স্লোভেনীয় নাগরিক অ্যান্টন জনসার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই তারিখটি বেছে নেওয়া হয়েছে।

বাস্তুতন্ত্রে মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীর অবদান এবং তাদের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল লক্ষ্য। মৌমাছি কেবল মধু ও মোম উৎপাদনের উৎস নয় বরং এটি প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও শস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্টার্কটিকা ব্যতীত বিশ্বের প্রায় সব মহাদেশেই মৌমাছির অস্তিত্ব রয়েছে।

বাংলাদেশে প্রধানত এপিস ইন্ডিকা প্রজাতির মৌমাছি বেশি দেখা যায়। মৌমাছিরা তাদের কঠোর পরিশ্রম ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিচিত। একটি মৌচাকে সাধারণত রানি মৌমাছি, পুরুষ মৌমাছি ও কর্মী মৌমাছি এই তিন সম্প্রদায়ের সদস্য থাকে।

রানি মৌমাছি বংশবৃদ্ধির দায়িত্ব পালন করে আর কর্মী মৌমাছিরা মধু সংগ্রহ ও চাক নির্মাণের কাজ করে। বিশ্বের প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে যারা পরাগায়নের মাধ্যমে ফল ও ফসলের ফলন বাড়াতে সহায়তা করে।

মৌমাছির মুখ নিঃসৃত লালা ও ফুলের রসের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন মধু যেমন ভেষজ গুণসম্পন্ন তেমনি তাদের শরীর থেকে নিঃসৃত মোম বাণিজ্যিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের সুন্দরবনের মধু বিশ্বব্যাপী সমাদৃত।

পরিবেশ রক্ষায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই ক্ষুদ্র পতঙ্গের গুরুত্ব অপরিসীম যা অনুধাবন করাই এই দিবসের সার্থকতা।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language