বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উদ্ধারে প্রথম ৫ মিনিটের করণীয় ও প্রাথমিক চিকিৎসা

বিদ্যুৎস্পৃষ্ট কাউকে দেখলে তাঁকে বাঁচাতে দ্রুত এগিয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে উদ্ধারকারী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। তাই জীবন বাঁচাতে প্রাথমিক মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
ভারতীয় স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘অনলি মাই হেলথ’-এ প্রকাশিত কেআইএমএস হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. এস এম ফায়াজের বক্তব্যের ভিত্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর প্রথম পাঁচ মিনিটে করণীয় ও প্রাথমিক চিকিৎসা নিচে তুলে ধরা হলো:
প্রথম মিনিট: নিজের নিরাপত্তা নিশ্চিত করুন
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথমেই তাঁকে সরাসরি স্পর্শ করবেন না। আক্রান্ত ব্যক্তি যদি তখনো বিদ্যুতের সংস্পর্শে থাকেন, তবে তাঁকে ধরলে বিদ্যুৎ উদ্ধারকারীর শরীরেও প্রবাহিত হতে পারে। ভেজা মেঝে, পানি বা স্যাঁতসেঁতে পরিবেশে এই ঝুঁকি আরও বেশি।
- প্রথমে নিরাপদ দূরত্বে থেকে বিদ্যুতের উৎস শনাক্ত করুন।
- ঘরের বৈদ্যুতিক সংযোগ হলে দ্রুত মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করুন। সম্ভব হলে সংশ্লিষ্ট যন্ত্রের প্লাগ খুলে দিন।
- তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার সময় নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।
দ্বিতীয় মিনিট: বিদ্যুতের উৎস থেকে আলাদা করুন
মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে এবং ঘটনাটি সাধারণ গৃহস্থালি বিদ্যুতের ক্ষেত্রে হলে সতর্কতা অবলম্বন করতে হবে।
নিরাপদ পরিস্থিতিতে শুকনো কাঠ বা শক্ত প্লাস্টিকের মতো বিদ্যুৎ অপরিবাহী বস্তু দিয়ে বিদ্যুতের উৎস আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সরানোর চেষ্টা করা যেতে পারে।নএ সময় নিজের শরীর বা হাত দিয়ে তাঁকে স্পর্শ করা যাবে না। ধাতব বস্তু, ভেজা কাপড় কিংবা পানি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে পড়া তার বা উচ্চ ভোল্টেজের লাইনের ঘটনায় কাছে যাওয়া কিংবা কাঠের লাঠি দিয়ে সরানোর চেষ্টা করাও বিপজ্জনক। এ ক্ষেত্রে নিরাপদ দূরত্বে থেকে অন্যদের সরিয়ে দিতে হবে এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সংযোগ বিচ্ছিন্ন করার অপেক্ষা করতে হবে।
তৃতীয় মিনিট: জরুরি সহায়তা নিন
বিদ্যুতের সংস্পর্শ থেকে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদে আলাদা করার পর দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারেন। সম্ভব হলে আশপাশের কাউকে ফোন করতে বলুন, যাতে আপনি আক্রান্ত ব্যক্তির পাশে থাকতে পারেন। আক্রান্ত ব্যক্তি অচেতন হলে, শ্বাস নিতে কষ্ট হলে, শরীরে পোড়া ক্ষত দেখা দিলে কিংবা বুক ধড়ফড়, খিঁচুনি বা অস্বাভাবিক আচরণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
চতুর্থ মিনিট: সাড়া ও শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করুন
বিদ্যুতের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পর আক্রান্ত ব্যক্তির সাড়া আছে কি না দেখুন। কথা বলে বা কাঁধে আলতো স্পর্শ করে সাড়া পাওয়ার চেষ্টা করুন। বুক ওঠানামা করছে কি না এবং স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন কি না পরীক্ষা করুন। আক্রান্ত ব্যক্তি অচেতন হলেও স্বাভাবিকভাবে শ্বাস নিলে তাঁর শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করুন। ঘাড় বা মেরুদণ্ডে আঘাতের আশঙ্কা থাকলে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না।
পঞ্চম মিনিট: প্রয়োজন হলে সিপিআর শুরু করুন
আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে শ্বাস না নিলে দ্রুত সিপিআর শুরু করতে হবে।
- প্রশিক্ষণ থাকলে বুকের মাঝখানে দুই হাত রেখে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার গতিতে বুকে চাপ দিতে হবে।
- প্রশিক্ষণ না থাকলে জরুরি সেবার ফোনে থাকা কর্মীর নির্দেশনা অনুসরণ করুন।
- কাছাকাছি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) থাকলে সেটির নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা যেতে পারে।
- চিকিৎসা সহায়তা না আসা পর্যন্ত সিপিআর চালিয়ে যেতে হবে।
বাইরে ক্ষত না থাকলেও বিপদ কাটে না
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শরীরে দৃশ্যমান পোড়া দাগ না থাকলেও ভেতরে গুরুতর ক্ষতি হতে পারে। বিদ্যুৎ শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হলে হৃদ্যন্ত্রের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, পেশি ও স্নায়ুর ক্ষতি এবং অভ্যন্তরীণ পোড়া ক্ষত তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শরীরে দৃশ্যমান ক্ষত না থাকলেও অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে। তাই বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পোড়া ক্ষতের ক্ষেত্রে যা করবেন না:
পোড়া ক্ষত ঘষাঘষি করা, ফোসকা ফাটানো কিংবা তেল, মলম বা টুথপেস্ট লাগানো উচিত নয়।
ক্ষত পরিষ্কার ও শুকনো কাপড় বা জীবাণুমুক্ত গজ দিয়ে আলতোভাবে ঢেকে রাখতে হবে। পোড়া জায়গায় আটকে থাকা কাপড় টেনে সরানো যাবে না।
যেসব ভুল এড়িয়ে চলবেন
- বিদ্যুতের সংযোগ বন্ধ না করে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করা।
- ভেজা হাত, পানি বা ধাতব বস্তু দিয়ে তাঁকে সরানোর চেষ্টা করা।
- উচ্চ ভোল্টেজের তারের কাছে যাওয়া বা নিজে থেকে তার সরানোর চেষ্টা করা।
- আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে কথা বলছেন বা হাঁটছেন বলে চিকিৎসার প্রয়োজন নেই মনে করা।
- অচেতন ব্যক্তিকে জোর করে পানি, খাবার বা ওষুধ খাওয়ানো।
- শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলেও চিকিৎসা সহায়তা নিতে দেরি করা।
পরিশেষে মনে রাখতে হবে, বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে প্রথম শর্ত হলো নিজের নিরাপত্তা, এরপর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা এবং তারপর আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। দ্রুত ও সঠিক পদক্ষেপ জীবন বাঁচাতে পারে।
এনএন







