এশিয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জাপানে ৫ কোটি মেডিকেল গ্লাভস ছাড়ছে সরকার

টোকিও, ১৭ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জাপানে চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিজেদের জরুরি মজুত থেকে ৫ কোটি মেডিকেল গ্লাভস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে জাপান সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আগামী মে মাস থেকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে এসব গ্লাভস সরবরাহ করা হবে। বর্তমানে জাপানের কাছে প্রায় ৫০ কোটি গ্লাভসের বিশাল মজুত রয়েছে। সেখান থেকেই প্রাথমিক পর্যায়ে এই জরুরি সরবরাহ নিশ্চিত করা হবে।

মূলত যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ন্যাফথা সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। প্লাস্টিক, রাসায়নিক তন্তু ও রাবার উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ এই ন্যাফথা। ফলে গ্লাভসসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে। যুদ্ধের পূর্বে বিশ্বের অধিকাংশ তেল ও জ্বালানি পণ্য হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। তবে যুদ্ধ শুরু হওয়ার পর এই পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

সম্পদস্বল্প দেশ হিসেবে জাপান তার জ্বালানি চাহিদার জন্য দীর্ঘকাল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। অর্থনীতির ওপর চাপ কমাতে সরকার ইতিমধ্যে মজুতকৃত তেলের ব্যবহারও শুরু করেছে। সম্প্রতি জাপানের চিকিৎসকরা গ্লাভসসহ অন্যান্য সরঞ্জামের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সরঞ্জামের অভাবে ব্যাহত হতে পারে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা। এমন প্রেক্ষাপটে সরকার গ্লাভস সরবরাহের এই সিদ্ধান্ত নিল।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ১০০০ কোটি ডলারের বিশাল জ্বালানি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে টোকিও। এই উদ্যোগের ফলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হবে এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহ সহজতর হবে বলে আশা করছে জাপান সরকার।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language