পোপের সতর্কবাণী: স্বৈরশাসকদের কারণে ধ্বংসের মুখে বিশ্ব

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ লিও বলেছেন, গুটিকয়েক স্বৈরশাসকের কর্মকাণ্ডের কারণে আজ পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ক্যামেরুন সফরের সময় দেশটির বামেন্ডা শহরের সেন্ট জোসেফ ক্যাথেড্রালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তার এই কড়া বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক মতবিরোধের একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
ক্যাথেড্রালে দেওয়া ভাষণে পোপ লিও সেই সব বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন যারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ ও সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।
তিনি আক্ষেপ করে বলেন যে, বর্তমান বিশ্বে যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ শিক্ষা, চিকিৎসা ও জনহিতকর পুনর্গঠন কাজের জন্য প্রয়োজনীয় অর্থের তীব্র সংকট রয়ে গেছে।
পোপ তার বক্তব্যে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান সংক্রান্ত যুদ্ধংদেহী মনোভাবের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন। তবে পোপের এমন অবস্থানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি পোপকে সরাসরি রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
এর জবাবে পোপ লিও স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি কোনো নির্দিষ্ট রাজনীতিতে জড়িত হতে আগ্রহী নন। তিনি কেবল বিশ্বজুড়ে শান্তি রক্ষা, অর্থবহ সংলাপ এবং বহুপাক্ষিক সমাধানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









