ইরানের সামুদ্রিক বন্দরে মার্কিন নৌ অবরোধ, যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পিট হেগসেথ

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালি এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকোম। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যতদিন প্রয়োজন মনে করবে ততদিন এই অবরোধ বজায় রাখবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ এখন মার্কিন নৌবাহিনীর হাতে।
কারণ ইরানের নৌবাহিনীর এখন আর কোনো শক্তিশালী অবস্থান নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধ শুরু করতেও পুরোপুরি প্রস্তুত রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে কার্যকর হওয়া এই নৌ অবরোধের পর কোনো জাহাজই হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।
এরই মধ্যে বুধবার মার্কিন সামরিক কমান্ড জানিয়েছে, একটি ইরানি কার্গো জাহাজ বন্দর আব্বাস থেকে ছেড়ে অবরোধ এড়ানোর চেষ্টা করলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সেটিকে বাধা দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। আল জাজিরার তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









