উত্তর আমেরিকা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডা

অটোয়া, ১৬ সেপ্টেম্বর – উত্তর আমেরিকার দেশ কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি বা সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

এছাড়া মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করেনি।

অবশ্য গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে সেই কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কম্পনের ফলে সুনামির কোনও আশঙ্কা নেই বলেও সেসময় কর্তৃপক্ষ জানিয়েছিল।

এর আগে গত বছরের অক্টোবরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মৃদু ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় প্রায় মধ্যরাতে অনুভূত সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯।

এছাড়া একই বছরের এপ্রিলে কানাডার পশ্চিম উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তারও আগে ২০১৯ সালের জুলাই মাসে দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছিল। ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে উত্তরাঞ্চলীয় ভ্যাঙ্কুভার দ্বীপ ও আশপাশের এলাকা কেঁপে ওঠে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language