হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে উদ্ধারে নেমেছে জাতিসংঘ

ওয়াশিংটন, ২৪ জুন – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে জাতিসংঘ।
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা বা আইএমও জানিয়েছে, সংঘাতের কারণে সেখানে আটকে পড়া ১১ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজের নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ এক বিবৃতিতে জানান,
ইরান ও ওমানসহ আঞ্চলিক দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৌ চলাচলের পরিবেশ যাচাই করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,
এই উদ্ধার পরিকল্পনাটি বাস্তবায়নে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনা চলেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। ফলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বহু বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে।
তবে গত সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে শান্তিচুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, সমঝোতার পর এই জলপথে জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে।
গত সোমবার এক দিনেই রেকর্ড ৩৬টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। এদিকে এই নৌপথকে পুরোপুরি নিরাপদ করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।
এস এম/ ২৪ জুন ২০২৬









