২০২৬ বিশ্বকাপকে ইতিহাসের সফলতম আসর বললেন ফিফা সভাপতি

ওয়াশিংটন, ২৪ জুন – জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে সফল ফুটবল আসর। তিনি জানান এই আসরে দর্শকদের উপস্থিতি ইতোমধ্যে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং খেলার মানও অনেক উন্নত হয়েছে। খেলোয়াড় ও ম্যাচ পরিচালনাকারীদের মাঝেও এক ধরনের স্বচ্ছতা লক্ষ্য করা যাচ্ছে যা ফুটবল বিশ্বের জন্য বড় অর্জন।
বুধবার এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন এটি অভাবনীয় একটি আয়োজন। বিশ্ব আগে যা দেখেছে তার চেয়েও বড় পরিসরে এবারের আসরটি বসছে। এটি কেবল ফুটবল নয় বরং সামগ্রিকভাবে ইতিহাসের সবচেয়ে সফল টুর্নামেন্ট হতে যাচ্ছে।
তিনি আরও বলেন স্টেডিয়ামগুলো এখন দর্শকে কানায় কানায় পূর্ণ এবং শহরগুলো উৎসবের নগরীতে পরিণত হয়েছে। গ্যালারিতে প্রচুর সংখ্যক পরিবার এবং নারী ও শিশুদের উপস্থিতি তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
ফিফার উৎসবে অংশ নেওয়া ভক্তদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তবে ফিফা সভাপতির এই দাবির বিপরীতে নানা সমালোচনাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অভিবাসী শ্রমিকদের অধিকার ও টিকিটের উচ্চমূল্য নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজকদের।
এসব প্রতিকূলতা সত্ত্বেও জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপকে একটি মাইলফলক হিসেবে দেখছেন।
এনএন/ ২৪ জুন ২০২৬









