উত্তর আমেরিকা

নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ: ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

ওয়াশিংটন, ২৪ জুন – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের নেপথ্যের এক উত্তপ্ত ঘটনার তথ্য উঠে এসেছে সদ্য প্রকাশিত একটি বইয়ে। বইটির দাবি অনুযায়ী গাজা যুদ্ধ চলাকালে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন যে সব ইহুদিই তার ওপর বিরক্ত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের লেখা রেজিম চেঞ্জ শীর্ষক বইয়ে এই ঘটনা তুলে ধরা হয়েছে। বইটির বর্ণনা অনুযায়ী ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের উপস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই কঠোর মন্তব্য করেন।

সে সময় ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। বইটিতে উল্লেখ করা হয় যে কাতারের রাজধানী দোহায় হামাসের একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলার পর জ্যারেড কুশনার অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন।

ওই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার পর আন্তর্জাতিকভাবে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে কুশনার তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বলেন যে ইসরায়েলিরা পাগল হয়ে গেছে এবং তিনি আর এই প্রক্রিয়ায় থাকতে চান না। তবে পরে তিনি পরিস্থিতিটিকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের সুযোগ হিসেবে গ্রহণ করেন যাতে যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়।

ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে বলেন যে সবাই তার ওপর বিরক্ত এবং ইহুদিরাও তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট। ট্রাম্প আরও বলেন যে তিনি ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু হওয়া সত্ত্বেও সবাই এখন নেতানিয়াহুকে অপছন্দ করছে।

রেজিম চেঞ্জ বইটিতে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের অন্দরমহলের নানা সংবেদনশীল আলোচনা এবং কর্মকর্তাদের অভ্যন্তরীণ মতভেদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যা বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language