জাতীয়

জুলাই মাস থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবরের সম্ভাবনা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট, ২৪ জুন – প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন আগামী মাস জুলাই থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিশেষ সুখবর আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার ২৪ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য প্রদান করেন।

মন্ত্রী আরও জানান যে মালয়েশিয়া সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের ফলপ্রসূ আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আশা করেন যে আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন যার মাধ্যমে চলমান বিষয়গুলোতে আরও দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন প্রবাসীদের সেবার সুবিধার্থে বিমানবন্দরে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রবাসীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাতের ফ্লাইটে যাত্রীদের যাতায়াত নিরাপদ করা এবং শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

কাতারে নিহত বাংলাদেশি কর্মীদের বিষয়ে মন্ত্রী জানান যে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।

এনএন/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language