নারী মেম্বারকে পেটালেন আ.লীগ নেতা

নোয়াখালী, ১৬ অক্টোবর – নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাটে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত নারী ইউপি সদস্যের নাম ছাহেলা বেগম (৫১)। তিনি উপজেলার সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। অভিযুক্ত আবদুল মান্নান ওরফে মোনাফ একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে চাষিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করতে আসেন ডিলাররা। এ সময় সেখানে আসেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনাফ। গত মাসে কেন টিসিবির পণ্য আসে নাই। এমন প্রশ্ন করে মোনাফ টিসিবির ডিলার ও জনপ্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ইউপি সদস্য ছাহেলা বেগম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে হামলা চালান মোনাফ। এ সময় বাধা দিতে গেলে আরেক পুরুষ ইউপি সদস্যও মোনাফের হামলার শিকার হয়।
মারধর করার বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ওরফে মোনাফ বলেন, আমি টিসিবির লোকজনদের কাছে শুধু জানতে চেয়েছি গত ২/৩ মাস আসেনি কেন? নারী ইউপি সদস্যকে আমি কিছুই বলিনি। তিনিই উল্টো আমাকে বলেন, আমি কে এটা জিজ্ঞেস করার? এক পর্যায়ে আমাকে গালমন্দ করে।
চাষিরহাট ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে পরিষদে বৈঠক ডাকা হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩









